Tuesday, July 19, 2016

যে কারণে ব্রাজিলের ফুটবলাররা অন্য রকম

ফুটবলটা ব্রাজিলিয়ানরা রাস্তাতেই শেখে। সবুজ মাঠ দরকার নেই, ব্রাজিলের অলিগলিতে-রাজপথে চলে ফুটবলের কারিকুরি। কোনোভাবে একটা বল গোছের কিছু জোগাড় করে ফেলতে পারলেই হলো। ১১ জন দরকার নেই, সাত-আটজন হলেই চলে। ফুটবল না বলে এটাকে আসলে ফুটসালই বলা উচিত। ফ্যালকাও বলছেন, এই ফুটসালের জন্যই নেইমার নিজেকে এত ওপরে নিয়ে গেছেন।
ফ্যালকাও নামটা পরিচিত লাগার কথা। তবে এই ফ্যালকাও কলম্বিয়ার স্ট্রাইকার নন। আবার ব্রাজিলের আশির দশকের কিংবদন্তিও নন। ইনিও কিংবদন্তি, কিন্তু ফুটসালের। ভারতে যে ফুটসাল টুর্নামেন্ট হচ্ছে, তাতে রোনালদিনহো, গিগস, স্কোলসদের সঙ্গে একই পোস্টারে আছেন ফ্যালকাওও।
ফ্যালকাও বলছেন, শুধু নেইমার নন, অন্য ব্রাজিলিয়ানরাও ফুটসাল খেলে খেলেই এত দূর এসেছেন, ‘শুধু নেইমার নন, রোনালদো, রবিনহো, কাকাও ফুটসাল খেলেই বিকশিত হয়েছে। ব্রাজিলে সব স্কুলের শিশুরাই এটা খেলে।’ নিজের গল্পটাও শোনালেন, ‘১২-১৩ বছর বয়সেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি ফুটসালেই থাকবেন, না ফুটবলে। অনেক গ্রেট খেলোয়াড়েরই ফুটসাল খেলে, এখনো মজার জন্য অনেকে খেলে।’ তাঁর মতে, এই শখের ফুটবল খেলার কারণেই ব্রাজিলের ফুটবলাররা অন্য রকম হ​ন।
ফুটসালে এক দলে খেলে পাঁচজন করে। মাঠ ছোট, অনেক বেশি কারিকুরির সুযোগ থাকে সেখানে। আর সেই কারিকুরি এই মুহূর্তে নেইমারের ভালো পারেন কজন? বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ফুটসালের প্রতি অনুরাগের কথাও জানিয়েছেন ফ্যালকাও, ‘নেইমার আমার খুব ভালো বন্ধু। আমাদের প্রায়ই কথা হয়, সে আমার কাছে জানতে চেয়েছে ভারতে ফুটসাল কেমন চলছে। সেখানে যে আরও কিংবদন্তিরা আছে, সেটাও সে জানে।’
http://www.prothom-alo.com

No comments:

Post a Comment