Saturday, July 23, 2016

যে কারণে ‘কেলোর কীর্তি’ সিনেমার প্রদর্শন বন্ধ

বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্র আমদানি–রপ্তানির নিয়ম অনুযায়ী কলকাতায় মুক্তি পাওয়ার কথা ছিল বাংলাদেশি পরিচালক উত্তম আকাশের ‘রাজা ৪২০’ ছবিটি। গত ১৯ জুন ছবিটি কলকাতায় পাঠানো হয়। কিন্তু ছবি আমদানির শর্ত অনুযায়ী, রপ্তানি করা ‘রাজা ৪২০’ ছবিটি প্রথমে সেন্সর হয়ে কলকাতায় প্রদর্শিত হতে হবে। এরপর একটি ছবি আমদানি করতে পারবে আমদানিকারক প্রতিষ্ঠান। কিন্তু আমদানিকারক প্রতিষ্ঠান মাত্র পাঁচ দিন পরই আমদানির জন্য ‘কেলোর কীর্তি’ ছবির অর্ডার দেয়। তাই আইনসংগত অর্ডার না হওয়ার কারণে আদালত এ ছবির মুক্তি বন্ধ করার আদেশ দেন। হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী নুরুল আমিন স্বাক্ষরিত চিঠিতে তেমনটাই জানা গেছে।
এর আগে গত মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস জানিয়েছিলেন, ভারতীয় বাংলা কমেডি সিনেমা ‘কেলোর কীর্তি’ বাংলাদেশে প্রদর্শনের ব্যাপারে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
২২ জুলাই বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘কেলোর কীর্তি’ ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান আরাধনা এন্টারপ্রাইজের। সেই হিসেবে সেন্সর ছাড়পত্রের জন্যও জমা পড়ে ছবিটি। হাইকোর্টের স্থগিতাদেশের কারণে আপাতত ছবিটি নিয়ে কোনো ধরনের প্রচারণাও করা যাবে না বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার প্রথম আলোর সঙ্গে আলাপে সেন্সর বোর্ডের সদস্য ও পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, ছবি আমদানি ও রপ্তানির সঠিক নিয়ম না মানার কারণেই এই ছবিটি প্রেক্ষাগৃহে প্রদর্শন করা যাচ্ছে না। তিনি বলেন, গত সোমবার ‘কেলোর কীর্তি’ ছবিটি সেন্সর বোর্ডে ছাড়পত্রের জন্য জমা পড়ে। আমদানি ও রপ্তানির যথাযথ নিয়ম না মানার কারণে ‘কেলোর কীর্তি’ ছবিটির প্রদর্শনী স্থগিত করেছেন আদালত। আদালতের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এটি বাংলাদেশে সেন্সর বোর্ডের ছাড়পত্র বা মুক্তি পাবে না।
‘কেলোর কীর্তি’ ছবিটি পরিচালনা করেছেন রাজা চন্দ। এতে অভিনয় করেছেন দেব, মিমি চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নুসরাত জাহান, কৌশানী মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ প্রমুখ। এটি তামিল ছবি ‘চার্লি চ্যাপলিন’-এর রিমেক।
http://www.prothom-alo.com

No comments:

Post a Comment