Saturday, November 5, 2016

সুসংবাদ ‘দুঃসংবাদ’ হয়ে গেল ইবাদতের

তাঁকে নিয়ে অনেক আশা বাংলাদেশের। তবু নিউজিল্যান্ড সিরিজের প্রাথমিক দলে ইবাদত হোসেনের ডাক পাওয়াটা চমকই ছিল। কিন্তু এমন সুসংবাদ উপভোগ করতে পারছেন না এই ফাস্ট বোলার। পেশিতে চোট পাওয়ায় প্রাথমিক ক্যাম্পে থাকতে পারছেন না তিনি। নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্প করার কথা বাংলাদেশের।
নিউজিল্যান্ড সফরের জন্য ২২ জনের দল ঘোষণা করেছে বিসিবি। তিন অভিজ্ঞ পেসার রুবেল হোসেন, আল আমিন হোসেন ও কামরুল ইসলামকে টপকে সেখানে জায়গা করে নিয়েছেন রবি পেসার হান্টের আবিষ্কার ইবাদত। ইংল্যান্ডের বিপক্ষে দুটি অনুশীলন ম্যাচে তাঁর বোলিং মুগ্ধ করেছে সবাইকে। এরপর আবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কন্ডিশনে বোলিং করার সুযোগও মিলেছিল। 
কিন্তু গত ২৩ অক্টোবর অনুশীলনে বোলিং করতে গিয়ে পেশিতে চোট পেয়েছিলেন তিনি। দলের ফিজিও বায়েজীদ ইসলাম জানিয়েছেন, ‘সে যে চোট পেয়েছে, সেটা গ্রেড-টু পর্যায়ের। সেরে উঠতে ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগবে।’ 
বাংলাদেশ দল দুই ভাগে অস্ট্রেলিয়ায় যাচ্ছে আগামী ৯ ও ১০ ডিসেম্বর। ফলে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পে ইবাদতের যাওয়া হচ্ছে না। কিন্তু তাঁর বদলি হিসেবে কারও নাম এখনো বলা হয়নি। ২৬ ডিসেম্বর শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। নিউজিল্যান্ড সফরে ৩টি টি-টোয়েন্টি ও ২টি টেস্টও খেলবে বাংলাদেশ see more 

Info : Prothom-alo.

প্রাথমিক দলে মোস্তাফিজ

নিউজিল্যান্ড সফর দেড় মাসেরও বেশি দূরে। তবে কালই প্রস্তুতির জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত ২২ সদস্যের দলে আছেন মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড সিরিজ দিয়েই আবারও মাঠে নামতে যাচ্ছেন বাঁহাতি পেসার। 
প্রাথমিক দলে একেবারেই নতুন মুখ তিনটি—বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন (শান্ত), পেসার ইবাদত হোসেন ও লেগ স্পিনার তানভীর হায়দার। ইংল্যান্ডের বিপক্ষে খেলা বাংলাদেশের সর্বশেষ টেস্টের ১১ জনের ১০ জনই আছেন এই দলে। শুধু কামরুল ইসলাম অপেক্ষমাণ তালিকায়। 
কাঁধে অস্ত্রোপচার করিয়ে গত আগস্ট থেকে পুনর্বাসনে আছেন মোস্তাফিজ। পুনর্বাসন শেষে আগামী মাসেই দলের সঙ্গে উড়াল দেবেন ২১ বছর বয়সী পেসার। নিউজিল্যান্ডে যাওয়ার আগে সিডনিতে দুই সপ্তাহের একটি ক্যাম্প করবেন মাশরাফি-মুশফিকরা। দুই ভাগে ভাগ হয়ে ৯ ও ১০ ডিসেম্বর অস্ট্রেলিয়ায় উড়াল দেওয়ার কথা বাংলাদেশ দলের। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ খেলবে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ। 
প্রস্তুতি ক্যাম্পের দল: তামিম, ইমরুল, মুমিনুল, মাহমুদউল্লাহ, সাকিব, মুশফিক, সাব্বির, সৌম্য, মোসাদ্দেক, নুরুল, মিরাজ, শুভাগত, নাজমুল, তাইজুল, মাশরাফি, মোস্তাফিজ, তাসকিন, শফিউল, শুভাশিস, মোহাম্মদ শহীদ, ইবাদত, তানভীর। অপেক্ষমাণ: নাসির, রুবেল, আল আমিন, কামরুল, শাহরিয়ার, মজিদ, লিটন, মোশাররফ, আলাউদ্দিন।see more 

Info : Prothom-alo.

Thursday, November 3, 2016

শিশু ওষুধ খেতে না চাইলে কী করবেন

শিশুকে ওষুধ খাওয়ানো সহজ নয়—এ কথা যেকোনো মা-বাবাই জানেন। কিন্তু রোগ হলে তো ওষুধ খাওয়াতেই হবে। তাহলে কী করা? এ বিষয়ে কয়েকটি পরামর্শ:
* শিশু যদি কোনো ওষুধ অপছন্দ করে, অন্য কোম্পানির তৈরি একই গ্রুপের ওষুধ খাওয়ানোর চেষ্টা করতে পারেন। কেননা, ওষুধে একেক কোম্পানি একেক রকম স্বাদ ও গন্ধ ব্যবহার করে।
* সম্ভব হলে মুখে খাওয়ার ওষুধ প্রয়োগের চেষ্টাই করা উচিত। প্রয়োজন না পড়লে শিশুর শিরায়, মাংসে, ত্বকের নিচে ওষুধ না দেওয়াই ভালো। তাই খেতে চায় না বলে সব সময় বিকল্প পদ্ধতি ব্যবহার করতে জোর দেবেন না।
* শিশুকে ওষুধ খাওয়ানোর নানা পদ্ধতি আছে। ওষুধ পরিমাপক কাপ ও চামচ, মুখে ব্যবহার করার সিরিঞ্জ, ওরাল ড্রপারস প্রভৃতি ব্যবহার করতে পারেন। তবে তার আগে ওষুধের মাত্রা নিরূপণের দাগগুলো অভিভাবকদের ভালো করে বুঝে নিতে হবে।
* সাধারণত পাঁচ বছরের কম বয়সী শিশুদের তরল ওষুধ বা সিরাপ দেওয়া হয়। এর চেয়ে বেশি বয়স হলে চুষে খাওয়ার ওষুধ দেওয়া যায়।
* ছোট্ট শিশুকে ওষুধ খাওয়ানোর সময় একটু একটু করে ঠোঁটের কোনার দিকে দিলে ভালো, কেননা এতে করে জিবের পেছনের দিকে তেতো স্বাদ অনুভূত হওয়ার যে সংবেদী কোষ আছে, তার সংস্পর্শ এড়ানো যায়।
* শিশুকে ওষুধ খাওয়ানোর জন্য কখনো রান্নাঘরের বা সাধারণ চামচ ব্যবহার করবেন না। এসব চামচে দাগ না থাকায় পরিমাণ কম-বেশি হওয়ার ঝুঁকি থাকে।
* সাধারণত শিশুর ওজনের ভিত্তিতে তার জন্য ওষুধের মাত্রা নির্ধারণ করা হয়। একই বয়সের শিশুদের একেক জনের ওজন একেক রকম হতে পারে। সুতরাং, বয়স এক হলে শিশুর ওষুধের মাত্রা একই হবে, এমন ভাববেন না।
ডা. প্রণব কুমার চৌধুরী
বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
স্বাস্থ্যবটিকা ® ব্রোনস্মিথ
আটা খাওয়ার ফলে কী কী স্বাস্থ্যসমস্যা হতে পারে? গম বা আটার রুটি খেলে কিছু প্রদাহ হতে পারে। এতে লেকটিন নামের উপাদান থাকে, যা পাকস্থলী বা অন্ত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। ‘স্বাস্থ্যবটিকা’র লক্ষ্য রোগনির্ণয় গোছের কিছু নয় see more 

Info : Prothom-alo.

জনসমক্ষে আবারও...

প্রেমের প্রথম ইনিংস চলাকালে বিরাট কোহলির প্রায় প্রতি ম্যাচেই গ্যালারিতে হাজির থাকতেন এই নায়িকা। এবার তাঁরা হাতে হাত ধরে গিয়েছিলেন ফুটবল খেলা দেখতে। ভারতে এখন চলছে ইন্ডিয়ান সুপার লিগের খেলা। এ টুর্নামেন্টের একটি ম্যাচ দেখতেই গোয়ায় গিয়েছিলেন দুজনে। আর এত দিন পর তাঁদের একসঙ্গে দেখতে পেয়েই চারদিকে শুরু হয় আলোর ঝলকানি। কারণ, ক্যামেরা হাতে ভক্তরা তাঁদের ছবি তোলায় ব্যস্ত হয়ে ওঠেন। বিরাট-আনুশকাকে একসঙ্গে ফ্রেমবন্দী করার এমন সুযোগ কেউ কি আর হাতছাড়া করতে চায়? সামাজিক যোগাযোগের মাধ্যম এখন এই কপোত-কপোতীর যুগল ছবিতে সয়লাব।
আনুশকা শর্মা আর বিরাট কোহলি যে আবারও এক হয়েছেন, সেটা আর কারোরই অজানা নেই। এরপরও এই তারকা জুটি ‘সম্পর্ক’ নিয়ে লুকোচুরি করেই যাচ্ছিল। তাঁদের প্রেম জোড়া লাগার পর এবারই প্রথম একসঙ্গে জনসমক্ষে হাজির হলেন তাঁরা। তাই ভক্তদের মধ্যে উৎসাহও একটু বেশি।
আনুশকার রাশিফলে এই সময়টা কেবল প্রেমের ক্ষেত্রেই শুভ নয়। সাফল্য বয়ে যাচ্ছে তাঁর ক্যারিয়ারেও। সুলতান ছবির পর এবার আনুশকার অ্যায় দিল হ্যায় মুশকিল-ও চার দিনেই পৌঁছেছে ১০০ কোটি রুপির ক্লাবে। শুক্রবার মুক্তি পেয়েছে এই ছবি।
সব মিলিয়ে সময়টা এখন ভালোই যাচ্ছে আনুশকার। হিন্দুস্তান টাইমস। see more

Info : Prothom-alo.

বিপিএলের সম্প্রচারে নতুন যা থাকছে

কাল থেকেই মাঠে গড়াচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ-বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। সাত ফ্র্যাঞ্চাইজি দলের অংশগ্রহণে আয়োজিত বিপিএলের প্রতিটি খেলাই দেখাবে চ্যানেল নাইন। আধুনিক প্রযুক্তির নতুনত্বে এবারের বিপিএলের টেলিভিশন সম্প্রচার পাচ্ছে ভিন্ন এক মাত্রা।
বিপিএলের খেলাগুলোর টেলিভিশন সম্প্রচারের দায়িত্বে থাকা রিয়াল ইমপ্যাক্টের টেকনিক্যাল প্রধান রাজীব কল জানিয়েছেন, এবারের খেলা সম্প্রচারে বেশ কিছু নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মধ্যে থাকবে আলট্রা মোশন, পিচ ক্যামেরা, জিং বেলস ও আম্পায়ার ক্যামেরা। প্রতিটি ম্যাচেই থাকছে ভার্চ্যুয়াল গ্রাফিকস। প্রতিটি ম্যাচ সম্প্রচারিত হবে ২৮টি ক্যামেরার সাহায্যে।
বিপিএলের ম্যাচ দেখা যাবে বিশ্বের বেশির ভাগ অঞ্চল থেকেই। সনি ইএসপিএন, প্রিমিয়ার স্পোর্টস, ইএসপিএন, জিও টেলিভিশনের বিপিএলের খেলা ছড়িয়ে দেবে বিশ্বব্যাপী। সনি ইএসপিএন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ইএসপিএন যুক্তরাষ্ট্রে, প্রিমিয়ার স্পোর্টস কানাডায় ও জিও টিভি পাকিস্তানে খেলা দেখাবে।
টেলিভিশন ধারাভাষ্যকার হিসেবে থাকছেন, ড্যানি মরিসন, সিকান্দার বখত, আতহার আলী খান ও শামীম আশরাফ চৌধুরী। সঞ্চালকের দায়িত্ব পালন করবেন শিনা চৌহান ও আমব্রিন। see more 

Info : Prothom-alo

দারুণ জয় ওয়েস্ট ইন্ডিজের

লক্ষ্যটা খুব কঠিন ছিল না ওয়েস্ট ইন্ডিজের জন্য। কিন্তু পাকিস্তান দলে ইয়াসির শাহ, মোহাম্মদ আমির কিংবা ওয়াহাব রিয়াজের মতো বোলাররা আছেন বলেই শঙ্কাটা ছিল। গতকাল চতুর্থ দিন শেষ বিকেলে পাকিস্তানি বোলাররা তুলে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেট। অনিশ্চয়তার দোলাচলে ক্যারিবীয়দের নির্ভরতা দিলেন কার্লোস ব্রাফেট, প্রথম ইনিংসের মতোই। প্রথম ইনিংসে অপরাজিত থেকে শেষ পর্যন্ত ব্যাট করে দারুণ এক সেঞ্চুরি করেছিলেন ব্রাফেট। দ্বিতীয় ইনিংসেও শেষ পর্যন্ত ব্যাট করেই দলকে জিতিয়ে নিয়ে ফিরলেন তিনি। ব্রাফেটের যোগ্য সঙ্গী হয়ে ওয়েস্ট ইন্ডিজের দারুণ এই জয়ের অন্যতম নায়ক শেন ডাউরিচ।
৬৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর ১৫৪ রানের লক্ষ্যমাত্রাকে অনেক বড়ই মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে। কিন্তু ব্রাফেট ১০৯ বল খেলে ৬০ রানের অপরাজিত এক ইনিংস সাজালেন কঠিন পরিস্থিতিতে। শেষের দিকে শেন ডাউরিচের ব্যাট থেকে এল মহামূল্যবান ৫৬। এই দুইয়ের কল্যাণেই আজ পঞ্চম দিনে জয়ের জন্য প্রয়োজনীয় ৩৯ রান খুব সহজেই তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। এটি ২৬ বছর পর বিদেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ক্যারিবীয়দের প্রথম জয়।
পাকিস্তানের জন্য টেস্ট সিরিজের শেষটা ভালো হলো না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯-০ ব্যবধানে জয়টা অধরাই রইল মিসবাহ-উল-হকের জন্য। শারজায় মূলত ব্যাটিং ব্যর্থতারই খেসারত দিল পাকিস্তান। টসে জিতে ব্যাট করতে নেমে ২৮১ রানে প্রথম ইনিংস শেষ করার পর ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয় ৩৩৭ রানে। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ২০৮ রানে গুটিয়ে গেলে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৫৩। দ্বিতীয় ইনিংসে ইয়াসির শাহ ও ওয়াহাব রিয়াজ সম্ভাবনা জাগালেও ক্যারিবীয়দের জয় ঠেকাতে পারেননি। ১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ষষ্ঠ উইকেট জুটিতে ব্রাফেট-ডাউরিচ ৮৭ রান তুলে দলের জয় নিশ্চিত করেন।
পাকিস্তানের বিপক্ষে এই জয় অনেক দিক দিয়েই স্মরণীয় ওয়েস্ট ইন্ডিজের জন্য। এটি ২৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে বিদেশের মাটিতে প্রথম জয়ই কেবল নয়, ২০০৭ সালের পর আইসিসি র‍্যাঙ্কিংয়ে নিজেদের চেয়ে এগিয়ে থাকা কোনো দলের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম জয়। অধিনায়ক হিসেবে জেসন হোল্ডারের প্রথম টেস্ট জয়। নিজের প্রথম জয়ে বল হাতে দুর্দান্তই ছিলেন তিনি।
নিজের প্রথম টেস্ট জয়ের নায়ক ব্রাফেটকে ধন্যবাদ জানিয়েছেন হোল্ডার, ‘ব্রাফেট দুর্দান্ত খেলেছে গোটা টেস্টে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দায়িত্বশীল তাঁর ব্যাট। আমরা এই টেস্টে লড়াকু মানসিকতাটা দেখতে পেরেছি। টসে হেরে যাওয়ার পর শ্যানন গ্যাব্রিয়েল নতুন বলে দুর্দান্ত বল করেছে। গ্যাব্রিয়েলের বোলিংই এই ম্যাচটি আমাদের দিকে ঠেলে দেয়। দলের এই জয়ে কাজে লাগতে পেরে আনন্দিত। অনেক দিন পর এমন একটা ম্যাচ জিতলাম। গত এক বছর ধরে টেস্ট ক্রিকেটে আমাদের কঠিন সময় যাচ্ছে। আমরা একটি তরুণ দল এবং দলটি নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এগোচ্ছে। এই সিরিজে আমরা অনেক কিছুই দারুণ করেছি। এখন প্রত্যেকের উচিত হবে অন্যজনকে সাহায্য করে যাওয়া।’ সূত্র: টেন ৩।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ২৮১ ও ২০৮ (আজহার আলী ৯১, সরফরাজ ৪২, হোল্ডার ৫/৩০, বিশু ৩.৪৬)
ওয়েস্ট ইন্ডিজ ৩৩৭ ও ১৫৪/৫ (ব্রাফেট ৬০*, ডাউরিচ ৫৬* ইয়াসির ৩/৪০, রিয়াজ ২/৪৬)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী
সিরিজের ফল: পাকিস্তান সিরিজ জয়ী ২-১ ব্যবধানে see more 

Info : .prothom-alo

এখনই পাকিস্তানে যেতে রাজি নয় ইংল্যান্ড

বাংলাদেশে দারুণ সফল একটি সফর শেষ করল ইংল্যান্ড দল। গত জুলাইয়ে ঢাকার গুলশানের আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার পর এই সফর নিয়ে দেখা দিয়েছিল ঘোরতর অনিশ্চয়তা। পরে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাসে বাংলাদেশ সফরে আসতে রাজি হয় ইংল্যান্ড। কিন্তু সফরের সময় যে নিরাপত্তা ব্যবস্থাপনার সঙ্গে পরিচয় ঘটে তাদের, সেটার প্রশংসাই করেছে ইসিবি।
তবে ইসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা রেগ ডিকাসন ইঙ্গিত দিয়েছেন, শিগগিরই পাকিস্তান সফর করার সম্ভাবনা নেই ইংল্যান্ড দলের। ডিকাসনের মতে, বাংলাদেশ ও পাকিস্তানের পরিস্থিতি এক রকম নয়। ডিকাসন বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের পরিস্থিতির তুলনা করাটা ঠিক নয়। আমার মতে, বাংলাদেশের পরিস্থিতি যে ভিন্ন, এটি পরিষ্কারভাবেই বোঝা যায়। কোনো সন্দেহ নেই, আমরা পাকিস্তানে ভবিষ্যতে সফর করা যায় কি না, এটি ভেবে দেখব। আমরা খোলামনেই এটি ভাবব। কিন্তু সেখানকার কিছু ব্যাপারের মৌলিক পরিবর্তন প্রয়োজন।’
বাংলাদেশ সফর নিয়ে দারুণ খুশি ডিকাসন। তিনি ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের নিরাপত্তা বাহিনী, ক্রিকেট প্রশাসক ও বাংলাদেশ সরকারকে, ‘সফরে কোনো সমস্যা হয়নি। সবকিছু সুন্দরমতো শেষ হয়েছে। আমরা বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাহায্য-সহায়তায় দারুণ খুশি।’
গতকালই ঢাকা থেকে মুম্বাই চলে গেছে ইংলিশ দল। ভারতেও কী একই ধরনের নিরাপত্তা পাচ্ছে ইংল্যান্ড? ডিকাসন জানিয়েছেন, ভারতও যথেষ্ট নিরাপত্তার আয়োজন করেছে। তবে বাংলাদেশের সঙ্গে মেলালে চলবে না। বিশেষ করে পুরো পথ আটকে খেলোয়াড়দের আনা-নেওয়া ভারতে করা সম্ভব হবে না। বাংলাদেশে এই সুবিধা ইংল্যান্ড দল পেয়েছে। যে সুবিধা সাধারণত সফরকারী রাষ্ট্রপ্রধানেরা বাংলাদেশে পেয়ে থাকেন। তবে খেলোয়াড়দের আনা-নেওয়া ভালোভাবেই করা হবে বলে জানিয়েছেন তিনি। see more 

Info : Prothom-alo